পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের
নিজস্ব প্রতিনিধি: কামরুজ্জামান সরকার
নওগাঁর পোরশা উপজেলায় সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ মর্মান্তিক ঘটনা জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত রাকিবুল ইসলাম উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মমজাদ হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ির মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন রাকিবুল। এ সময় অজ্ঞাত একটি বিষধর সাপ তার হাতের আঙুলে কামড় দেয়।
পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে প্রথমে বিভিন্ন ওঝা ও কবিরাজের শরণাপন্ন হন। অবস্থার অবনতি হলে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা সুলতানা জানান, পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম (Antivenom) মজুত রয়েছে। তবে রোগীকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছে।
সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হলে অনেক ক্ষেত্রেই রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সচেতন মহল সাপের কামড়ের ঘটনায় ওঝা বা কবিরাজের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, সাপের কামড়ের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত