পোরশায় দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন
Kamruzzaman sarker
নওগাঁর পোরশায় যুব ও তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে দুই মাস মেয়াদী ‘কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, "বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে।" তিনি আরও বলেন, "কেবলমাত্র সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয়। তাই বাস্তবমুখী ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এই দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এবং ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আইটি সেক্টরে ক্যারিয়ার গড়তে দারুণ ভূমিকা রাখবে।" তিনি প্রশিক্ষণার্থীদের অত্যন্ত মনোযোগ ও ধৈর্যের সাথে কোর্সটি সম্পন্ন করার আহ্বান জানান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম, ওসি এলএসডি রিয়াজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত