সাপাহারে জমজমাট ফুটবল ফাইনাল: ২-০ গোলে সারগডাংগা তরুণ একাদশ চ্যাম্পিয়ন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ফাইনাল ম্যাচে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে গোয়ালা মাঠ।
বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সারগডাংগা তরুণ একাদশ ও ডুমুরিয়াপাড়া তরুণ প্রজন্ম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সারগডাংগা তরুণ একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় উপস্থিত ছিলেন ২ নং গোয়ালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহমুদুল হাসান, ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব রেজাউল করিম এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠমুখী তরুণ প্রজন্মই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে।
তারা আরও বলেন, “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই বার্তাটি প্রতিটি তরুণের কাছে পৌঁছে দিতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।
ফাইনাল খেলায় পুরস্কার হিসেবে ছিল চ্যাম্পিয়ন দলের জন্য ১টি বড় খাসি এবং রানার্সআপ দলের জন্য ২টি ছোট খাসি। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত