সাপাহারে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে গোয়ালা দিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিতদের এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলাকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বিবাহিত ও অবিবাহিত দলের খেলোয়াড়রা। শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। শেষ পর্যন্ত অবিবাহিত দল ১-০ গোলে বিবাহিত দলকে পরাজিত করে বিজয় লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী অবিবাহিত দলের জন্য পুরস্কার হিসেবে ৭ হাজার টাকা এবং পরাজিত বিবাহিত দলের জন্য ৫ হাজার টাকা প্রদান করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং গোয়ালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির এমন আয়োজনকে স্বাগত জানান উপস্থিত অতিথি ও স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত