সেনপুরে গ্রামবাংলার হারানো ঐতিহ্যবাহী পাতা খেলা ও হাত খেলা অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেনপুর এড়েন্দা দাখিল মাদ্রাসা মাঠে গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পাতা খেলা ও হাত খেলা।
খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাদ্রাসা মাঠ পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং গোয়ালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহমুদুল হাসান, ইউনিয়ন আহ্বায়ক আবুল হোসেন মেম্বার এবং মেম্বার পদপ্রার্থী জনাব রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এগুলো আমাদের শেকড়, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আধুনিক প্রযুক্তি ও নানা কারণে এসব ঐতিহ্যবাহী খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এসব খেলার পরিচয় তুলে ধরতে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন।
তারা আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। পাশাপাশি তরুণ সমাজকে সামাজিক ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গ্রামবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও গ্রামবাংলার হারানো ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজনে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আমেজ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত