
পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান: ৩,৮৭০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও প্রায় ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
পুলিশের দাবি, ভারত থেকে মাদক এনে নওগাঁর বিভিন্ন এলাকায় সরবরাহ করত চক্রটি
নওগাঁর পোরশায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী :
বিশেষ অভিযানে কথিত মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও একজন সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্তারিত
নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে কথিত পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শাকিল (২০), পিতা—মোঃ মজিবুর রহমান এবং মোছাঃ বেবী খাতুন (৩৩), স্বামী—মোঃ তহুরুল ইসলাম, উভয়েই কালাইবাড়ী, পোরশা, নওগাঁ—কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও পুলিশের তল্লাশিতে তহুরুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পুলিশের হিসাবে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা।
এছাড়া অভিযানে মাদক বিক্রির মাধ্যমে অর্জিত বলে পুলিশের দাবি করা ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা নগদ এবং আসামিদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের মোট সাতটি মোবাইল ফোন উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ।





















