
সাপাহারে আমগাছে ঝুলন্ত গ্রামপুলিশের মরদেহ উদ্ধার।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রামপুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল হক উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রুবেল হকের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া-বিবাদ হয়। বিষয়টি সমাধানের জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজন গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের কাছে যান। পরে চেয়ারম্যান উভয় পক্ষের কথা শুনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়ে তাঁদের একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন।
স্থানীয়দের ভাষ্য, বাড়ি ফেরার পর রাত ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
বুধবার সকালে স্থানীয় কয়েকজন কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকির আমবাগানে গিয়ে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, রুবেলের স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের সন্দেহের অভিযোগ করা হয়েছিল। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য বুঝিয়ে তাঁদের একসঙ্গে বাড়িতে পাঠানো হয়। এরপর সকালে রুবেলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










