
পোরশায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ‘এলআরপি-৫৭’ প্রকল্পের অবহিতকরণ সভা
কামরুজ্জামান সরকার পোরশা প্রতিনিধি :
নওগাঁর পোরশায় ‘সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজের জন্য নারী ও যুব নেতৃত্বাধীন আর্থ-সামাজিক পরিবর্তন এলআরপি-৫৭’ প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাসকো ফাউন্ডেশন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম এন্ড এনগেজমেন্ট কাজী মোরশেদ আলম।
সভায় বক্তারা বলেন, এলাকায় একটি সহনশীল, প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে নারী ও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের আওতায় স্থানীয় নারী ও যুবকদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি তাদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যকে সাধুবাদ জানান এবং এর সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাদের পরিচালনায় সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক এবং নারী ও যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান সরকার 



















